শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীরা হলেন—জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী) এর প্রার্থী মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা।
তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা ইতোমধ্যে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দের পর থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু হওয়ায় নির্বাচন কমিশন প্রথমে এ আসনের নির্বাচন স্থগিত এবং পরে বাতিল ঘোষণা করে। পরবর্তীতে নতুন তফসিল ঘোষণা করে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন