পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা শহরের নবীনগর মহল্লায় অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে শফিউদ্দিন ফাউন্ডেশন। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টা থেকে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৬৫০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শফিউদ্দিন ফাউন্ডেশনের সভাপতি শফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির সদস্য সচিব ও মডেল গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ বি এম মামুনুর রশিদ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থগিতকৃত শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, শেরপুর শহর বিএনপির আহ্বায়ক ও শেরপুর জেলা আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শেরপুর সদর থানা বিএনপির সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আক্রামুজ্জামান রাহাত, শেরপুর শহর বিএনপির সদস্য সচিব আবু জাফর, শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সুলতান আহমেদ ময়না, শেরপুর সদর যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসতেম আহমেদ বাবু সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে শফিউদ্দিন বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা, দানশীলতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে শফিউদ্দিন ফাউন্ডেশন প্রতিবছর রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। তিনি বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, রমজান মাস আমাদের আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব। শফিউদ্দিন ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং এটি সমাজের অন্যদেরও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত প্রায় ৬৫০ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন