শেরপুর সদর উপজেলার ১৪নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নের চরখারচর গ্রামের ইউনিয়ন পরিষদের ক্রয়কৃত রাস্তা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার প্রতিবাদে গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরখারচর গ্রামের ৭নং ওয়ার্ডের আওতাধীন ওই ইউনিয়ন পরিষদের রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ চলাচল করে আসছে। কিন্তু আলতাব হোসেন, আজিম উদ্দিন, হানিডেঙ্গা ও সাইফুল গং জোরপূর্বক রাস্তা বন্ধ করে দেন। এর প্রতিবাদে গ্রামবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও স্থানীয় সাংবাদিক সুলতান আহমেদ ময়না, মাস্টার সোহেল রানা, আজাহাবুল হোসেন, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ মানিক ও মোহাম্মদ নিজাম উদ্দিনসহ প্রায় তিন শতাধিক নারী-পুরুষ।
এর আগে গত ৮ সেপ্টেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানিতে ভুক্তভোগী মোঃ সিদ্দিকুর রহমান গং এ বিষয়ে অভিযোগ দাখিল করেন। ওই শুনানিতে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান অপুকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী পরদিন রাস্তা খোলার উদ্যোগ নেওয়া হলে বাধার সৃষ্টি হয়। তারই প্রতিবাদে আজকের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে শেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন