শেরপুরে ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা সদরের একটি ভাড়া বাসা থেকে শাহীনুল ইসলাম (৪৩) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে শহরের গৃর্দানারায়ণপুর এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহীনুল ইসলাম জামালপুর সদর উপজেলার টেবিরচর গ্রামের মৃত শামছুল হকের ছেলে। তিনি শেরপুর সদর থানায় কর্মরত ছিলেন এবং থানার নিকটবর্তী এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে শাহীনুলের স্ত্রী ও সন্তান গ্রামের বাড়িতে যান। দুপুরে ডিউটি শেষে তিনি বাসায় ফিরে আসেন। এরপর থেকে স্ত্রী একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। রাতের দিকে স্বজনরা বাসায় এসে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে শাহীনুলকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
দ্রুত তাঁকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী মাকসুদা বেগম জানান, শাহীনুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত চিকিৎসা গ্রহণ করছিলেন।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁঞা জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)