শেরপুরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ধানের শীষের মহামিলন ।। প্রিয়াংকার সঙ্গে পারিবারিক বন্ধনে ঐক্যের নতুন বার্তা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার সঙ্গে শেরপুর সদর আসনের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভাটি অনুষ্ঠিত হয় ৩ ফেব্রুয়ারি রাতে, বিএনপির প্রার্থী ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকার শেরপুর সদর এলাকার মাধবপুর বাসভবনের প্রশস্ত ড্রয়িংরুমে।সভাটি শুধু রাজনৈতিক মতবিনিময়েই সীমাবদ্ধ ছিল না; বরং তা পরিণত হয় পারস্পরিক আস্থা, ভালোবাসা ও পারিবারিক বন্ধনের এক মহামিলনে।
মতবিনিময় সভায় শেরপুরের বিভিন্ন মন্দির কমিটির নেতা, ইসকন মন্দিরের প্রধান অপূর্ব প্রভু, জেলা পুরোহিত নেতৃবৃন্দ, ব্যবসায়ী সংগঠন, বাস-কোচ মালিক সমিতি, শিক্ষক সমাজসহ সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। একই সঙ্গে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানকে আরও আবেগঘন ও আন্তরিক করে তোলে প্রার্থীর পরিবারের অংশগ্রহণ। এ সময় প্রার্থীর শ্বশুর সাবেক বিচারপতি, স্বামী ব্যারিস্টার রাহে মীন চৌধুরী এবং ভাসুর ব্যারিস্টার বাপ্পির সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের পরিচয় ও শুভেচ্ছা বিনিময় হয়। এতে রাজনৈতিক সম্পর্কের পাশাপাশি পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়।
সভায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান সদর বিএনপির আহ্বায়ক, প্রার্থীর পিতা আলহাজ্ব মোঃ হযরত আলী আবেগঘন বক্তব্যে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের হাতে তাঁর কন্যাকে তুলে দিয়ে বলেন, “আমার মেয়েকে আপনাদের সন্তানের মতো গ্রহণ করবেন।” তাঁর এ বক্তব্যে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।
ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াংকা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দেন। তিনি নির্বাচিত হলে শেরপুরে একটি মডেল মন্দির নির্মাণসহ ধর্মীয় ও সামাজিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের শিক্ষক, ব্যবসায়ী, মন্দিরের প্রধান ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা বলেন, ডাঃ প্রিয়াংকা সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক। তারা ধানের শীষের পক্ষে মাঠে কাজ করার এবং ভোট দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাটি শেষ পর্যন্ত পরিণত হয় সম্প্রীতি, বিশ্বাস ও সহাবস্থানের এক উজ্জ্বল দৃষ্টান্তে—যেখানে রাজনীতির ঊর্ধ্বে উঠে গড়ে ওঠে হৃদয় বন্ধন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)