শেরপুর জেলা সদর উপজেলায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লিটন মন্ডলের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিনরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীরা শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় সমাজসেবক মো. আব্দুল করিম সরকার, মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম, শিক্ষক আল আমিন হোসাইন, শহিদুল ইসলাম রূপস, ছাত্র সমন্বয়ক আল মামুন সরকার, স্থানীয় বাসিন্দা নুর উদ্দিন মন্ডলসহ অনেকে। বক্তারা বলেন, শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
কর্মসূচিতে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দার পাশাপাশি আদ-দ্বীন মাদ্রাসা, নবারুণ ডিজিটাল পাবলিক স্কুল, আইডিয়াল একাডেমি, উদয়ন একাডেমি, অগ্রণী মডেল একাডেমি, রিয়াজুল উলুম কওমী মাদ্রাসা ও রওযাতুল জান্নাত মহিলা মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, গত ৩ জানুয়ারি সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের মুকসুদপুর এলাকায় আখ দেওয়ার প্রলোভন দেখিয়ে একই এলাকার মৃত জসিম উদ্দিন মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪৫) ৬ বছর বয়সী এক শিশুকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে তাকে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত লিটন মন্ডলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে এবং ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত শেষ করে দ্রুত সময়ের মধ্যেই আদালতে চার্জশিট দেওয়া হবে।





সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন