শেরপুরে ৫ম সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
“নববী সিরাত হোক আমাদের জীবনের দিশারি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে ৫ম সিরাত পাঠ প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬), ২৪ রমজান সকাল ১১টায় শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির আয়োজন করে সামাজিক ও দ্বীনি সংগঠন পিসফুল সোসাইটি (Peaceful Society)।
প্রতিযোগিতার জন্য নির্ধারিত বই ছিল “শ্রেষ্ঠমানব (রাসুল ﷺ এর সংক্ষিপ্ত জীবনী)”, যার লেখক শায়খ মুহাম্মাদ হারুন আজহারি। সিরাত পাঠের মাধ্যমে তরুণ প্রজন্মকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও জীবনচরিত সম্পর্কে অবগত করা এবং সেই আদর্শ বাস্তব জীবনে অনুসরণের অনুপ্রেরণা দেওয়াই ছিল এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য।
প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ৭০ নম্বরের লিখিত (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে পরীক্ষার্থীরা ৬০ মিনিট সময় পায়। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩০ জন প্রতিযোগী পরবর্তী ধাপের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবে। দ্বিতীয় ধাপে মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রতিযোগীদের জ্ঞান, উপস্থাপনা ও শিষ্টাচার মূল্যায়ন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সফিউল্লাহ, শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক আব্দুস সালাম, শেরপুর সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক শামসুল হুদা চৌধুরী, পিসফুল সোসাইটির উপদেষ্টা মাওলানা রঈস উদ্দিন, ইশাআতুস সুন্নাহ মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও পিসফুল সোসাইটির উপদেষ্টা মুফতি আল আমিন সাদী, মারকাজুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবুল বাশার এবং বিশেষ মেহমান হিসেবে বিশিষ্ট দায়ী মোকাদ্দেস।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিসফুল সোসাইটির সভাপতি হামিদুল্লাহসহ মাওলানা শামসুদ্দিন, বাবুল, শাকিল, আলম, মহসিন, ফেরদৌস, আল আমিন, শাকিব, মিন্টু, সোহাগ, জিসানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
আয়োজকরা জানান, সিরাত পাঠ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নববী আদর্শের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য। প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্য থেকে সেরা প্রতিযোগীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে ১৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকবে ১০ হাজার টাকা, তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ৫০০০ টাকা। এছাড়াও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সকলের জন্য থাকবে বিশেষ পুরস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)