শেরপুরে ভাঙারি দোকানে সরকারি বইয়ের মজুদ: ৮ হাজার পাঠ্যবই জব্দ, প্রতিষ্ঠান সিলগালা

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর শহরে একটি ভাঙারি দোকানে বিপুল পরিমাণ সরকারি মাদ্রাসার পাঠ্যবই মজুদের অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৮ হাজার বই জব্দ করেছে প্রশাসন। রোববার (১ মার্চ) সন্ধ্যায় গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে শহরের নওহাটা এলাকায় অবস্থিত ‘মেসার্স রোকেয়া আয়রন স্টোর’-এ এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসার বিভিন্ন শ্রেণির নতুন সরকারি বই একটি ভ্যানগাড়িতে বোঝাই অবস্থায় জব্দ করা হয়। পরে দোকানের গুদাম ঘরেও বিপুল পরিমাণ বইয়ের সন্ধান পাওয়া যায়। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দোকানটি সিলগালা করেন।
দোকানটির মালিক শহরের বাগরাকসা এলাকার বাসিন্দা আব্দুর রহিম অপু। অভিযানের সময় তিনি ও তার কর্মচারীরা পালিয়ে যান বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন সরকারি বই অবৈধভাবে সংগ্রহ ও বিক্রি করা হচ্ছিল এই ভাঙারি দোকানের মাধ্যমে। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থাকে অবহিত করেন। পরবর্তীতে এনএসআইয়ের তথ্যে প্রশাসন অভিযান পরিচালনা করে।
দোকানের ভ্যানচালক তজি মিয়া জানান, “আমি এই গোডাউনের ভ্যান চালাই। মালিক বই আনতে বলেছিলেন। বইগুলো সরকারি কি না, তা আমি জানি না।”
স্থানীয় বাসিন্দা সিদ্দিক আহমেদ ক্ষোভ প্রকাশ করে বলেন, “গত বছর বই সংকটের কারণে অনেক শিক্ষার্থী ৩-৪টি করে বই পেয়েছিল। অথচ নতুন বই গোপনে মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
এ বিষয়ে সদর থানার এসআই সুশান্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্যানগাড়িসহ জব্দকৃত বই থানায় নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা গুদামটি সিলগালা করেছেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা হক বলেন, “জব্দ করা বইগুলো সদর উপজেলার কোনো মাদ্রাসার হতে পারে। বিষয়টি তদন্তের জন্য জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ অভিযানে শিক্ষাবই পাচার ও মজুদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)