পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুরে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেলে পৌর শহরের কান্দাপাড়া এলাকায় অর্কিড পর্যটন কেন্দ্রে এ আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর শহর ও সদর উপজেলা শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। তিনি রমজানের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে এবং পৌর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান।
ইফতার মাহফিলের আগে প্রধান অতিথি স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি-এর সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা আলহাজ্ব মোঃ আওয়াল চৌধুরী, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর জেলা বিএনপির সদ্য স্থগিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফজলুর রহমান তারা, জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাংবাদিক সুলতান আহমেদ ময়না, এনসিপি শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান মামুনসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।
শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রায় পাঁচ শতাধিক ব্যক্তি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
রমজানের এ আয়োজনে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে আয়োজকরা জানান।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন