ফসল কর্তন পরবর্তী পর্যায়ে শ্রম সাশ্রয়ী যন্ত্র ব্যবহারের সুবিধা ও উৎস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ সাইদুর রহমান সাদী
0
নিজস্ব প্রতিবেদক।  
আজ ৫ মার্চ ২০২৬ ইং তারিখে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ হল রুমে দিনব্যাপী মেষ্টা, কেন্দুয়া ও রশিদপুর ইউনিয়নের উৎপাদক দলের সদস্যদের নিয়ে ফসল কর্তন পরবর্তী পর্যায়ে শ্রম সাশ্রয়ী যন্ত্র ব্যবহারের সুবিধা ও যন্ত্রের উৎস সম্পর্কে অবহিতকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভা অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় Australian NGO Cooperation Program (ANCP)–এর অর্থায়নে “Gender Inclusive Market Systems for Improved Nutrition (GESMIN)” প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে বাস্তবায়ন করে। সভায় নারী উদ্যোক্তা ও উৎপাদক দলের সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জেসমিন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার গৌরাঙ্গ চন্দ্র সাহা আলোচনা সভার উদ্দেশ্য, বিভিন্ন শ্রম সাশ্রয়ী কৃষি যন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমানে কৃষিতে শ্রমিক সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ফসল কর্তনের পর মাড়াই, ঝাড়াই, শুকানো ও সংরক্ষণ প্রক্রিয়ায় আধুনিক শ্রম সাশ্রয়ী যন্ত্র ব্যবহার করলে সময় ও খরচ উভয়ই কমে আসে। ফলে কৃষকরা অল্প সময়ে বেশি কাজ সম্পন্ন করতে পারেন এবং ফসলের অপচয়ও কম হয়।
এ সময় রাকিব মাহবুব খান, জেনারেল ম্যানেজার, মাহবুব ইঞ্জিনিয়ার্স, বিসিক, জামালপুর সদর, জামালপুর বলেন, আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। ধান মাড়াই যন্ত্র, ঝাড়াই যন্ত্র, কর্ন শেলার, ড্রায়ারসহ বিভিন্ন যন্ত্র কৃষকের কাজকে সহজ করে এবং সময় বাঁচায়। তিনি কৃষকদের এসব যন্ত্র সম্পর্কে জানার এবং প্রয়োজন অনুযায়ী ব্যবহারের পরামর্শ দেন।
উক্ত সভায় আরো শ্রম সাশ্রয়ী যন্ত্র ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করেন কমিউনিটি ফেসিলিটেটর মাসুদ রানা ও হুমায়ুন কবির।
সভায় বক্তারা কৃষকদের আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারে আগ্রহী হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেতে স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। অনুষ্ঠানে উপস্থিত কৃষকরা এ ধরনের প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এসব যন্ত্র ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন ও মাহবুব ইঞ্জিনিয়ার্স এর শো-রুম পরিদর্শন করারও আগ্রহ প্রকাশ করেছেন।
আলোচনা সভা পরিচালনায় বিভিন্ন কাজে সহযোগিতা করেন কমিউনিটি ফেসিলিটেটর তৃপ্তি খাতুন, নীলা আক্তার ও বিলকিস আক্তার।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)