Border Guard Bangladesh-এর রাতভর অভিযানে সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোঃ সাইদুর রহমান সাদী
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ ৯১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ, জিরা ও জনসন বেবি সাবান জব্দ করেছে। বুধবার (৪ মার্চ) ভোররাতে এসব অভিযান পরিচালিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া সীমান্ত দিয়ে একটি চোরাকারবারী চক্র অভিনব কৌশলে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ পাচারের চেষ্টা করে। গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৪টার দিকে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়, যার সিজার মূল্য ২২ লাখ ৫৩ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে একই দিনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার চান্দাপাড়া সীমান্ত এলাকায় আরেকটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে রাখা ৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও জনসন বেবি সাবান জব্দ করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
বিজিবি জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তজুড়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “সীমান্তে চোরাচালান ও যেকোনো অবৈধ কার্যক্রম দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)