শেরপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। ২৭ এপ্রিল সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছ থেকে তিনি কার্যভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণ শেষে তিনি জেলার জনস্বার্থ রক্ষা এবং পর্যটন খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মাঠ প্রশাসনে ফরিদা ইয়াসমিনের রয়েছে এক উজ্জ্বল সাফল্যের ইতিহাস। নেত্রকোনার বারহাট্টা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) থাকাকালীন তিনি ৫৯টি বাল্যবিবাহ বন্ধ করে উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছিলেন। এই অসামান্য অবদানের জন্য তিনি জাতীয়ভাবে পুরস্কৃত হন। শেরপুর জেলাতেও সামাজিক কুসংস্কার ও বাল্যবিবাহ রোধে তার এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
দায়িত্ব গ্রহণকালে নবাগত জেলা প্রশাসক বলেন, “শেরপুর একটি অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা। এখানকার পর্যটন শিল্পের আধুনিকায়ন ও উন্নয়নে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে।” তিনি আরও জানান, সরকারের উন্নয়নমূলক কাজগুলো যেন সরাসরি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছায়, সেজন্য তিনি নিরলসভাবে কাজ করবেন। জেলার জনস্বার্থে যেকোনো কঠোর সিদ্ধান্ত নিতেও তিনি দ্বিধা করবেন না বলে অঙ্গীকার করেন।
ফরিদা ইয়াসমিন ২৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন দক্ষ কর্মকর্তা। ইতিপূর্বে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব, ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং ফুলপুরের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। জামালপুর সদর উপজেলার সন্তান ফরিদা ইয়াসমিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী।
নতুন জেলা প্রশাসক হিসেবে শেরপুরের সার্বিক উন্নয়নে তিনি প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন