নকলায় ইজিপিপির আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন: শহীদ জিয়ার খাল খনন কর্মসূচিকে স্মরণ করলেন এমপি ফাহিম চৌধুরী

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরের নকলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে খাল খনন ও পুনঃখনন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা, নকলার আয়োজনে উপজেলার ২নং নকলা ইউনিয়নের বাল্লাঘাট স্টিল ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় জনগণের উপস্থিতিতে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী (এমপি)। মিজ ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপপরিচালক আরিফা সিদ্দিকা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এ ধরনের গণমুখী প্রকল্পের ঐতিহাসিক পটভূমি তুলে ধরেন। তিনি বিএনপি'র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, "১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে প্রথম খাল খনন কার্যক্রম শুরু করেছিলেন। সেটি ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। কিন্তু দীর্ঘ সময় রাজনৈতিক জটিলতার কারণে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই কার্যক্রমটি বন্ধ ছিল।" তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের উদ্যোগে আবারও এই খাল পুনঃখনন কার্যক্রম শুরু হওয়ায় এলাকার কৃষিখাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।
সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় পেকুয়া বিলের মোহনা হতে বিহারীরপাড় উট ব্রিজ পর্যন্ত প্রায় ৩ দশমিক ৯৩ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। এছাড়াও পাঠাকাটা ইউনিয়নের বুরোডুবি বিলে ৩ দশমিক ৪৮৮ কিলোমিটার খাল পুনঃখননের জন্য ওয়েজ বাবদ ৬৬ লাখ ৪৪ হাজার টাকা এবং নন-ওয়েজ বাবদ ৮১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে সর্দার মজুরি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩শ টাকা। অন্যদিকে, বাল্লাঘাট এলাকায় খাল পুনঃখনন কাজে প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ রয়েছে বলে জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আনোয়ার হোসেন শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন; জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মিজ্‌ সাদিয়া আফরিন এ্যানি; নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ; উপজেলা প্রকৌশলী শামসুল হক রাকিব সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)