পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফেরা মানুষের ফিরতি ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ মোবাইল কোর্ট ও তদারকি অভিযান শুরু হয়েছে। গতকাল ৩১ মে ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই অভিযানে জেলার বিভিন্ন বাস কাউন্টার, সিএনজি ও অটোরিকশা স্ট্যান্ডে আকস্মিক তল্লাশি চালিয়ে মোট ১০,২০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, ফিরতি যাত্রায় যাত্রীসাধারণের ভোগান্তি কমানো এবং নির্ধারিত ভাড়া নিশ্চিত করতে বাস কাউন্টারে এবং পথের মধ্যে গাড়ি থামিয়ে এই কড়া অ্যাকশন নেওয়া হচ্ছে।
অভিযান চলাকালীন শেরপুর সদর উপজেলা (অষ্টমিতলা বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ ও নকলাগামী সিএনজি স্ট্যান্ড), ঝিনাইগাতী উপজেলা (পাগলারমুখ বাজার, তেঁতুলতলা বাজার, জোঁলগাঁও ও কালিবাড়ি বাজার) এবং নকলা উপজেলার জুনায়েদ ফার্মেসিসহ বিভিন্ন এলাকায় ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম ও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে মোট ৯টি মামলায় এই জরিমানা আদায় করা হয়।
পাশাপাশি নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্ট্যান্ড ও কাউন্টারে সার্বিক মনিটরিং করা হয়েছে এবং চালক ও মালিক সমিতির প্রতিনিধিদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সমন্বয়ে গঠিত এই বিশেষ টিমের অভিযান ও কঠোর নজরদারি পুরো ফিরতি ঈদযাত্রা জুড়ে জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন