খেলার ছলে ঘরের কোলঘেঁষা ডোবার পানিতে নেমেছিল দুই শিশু। কলাগাছের ভেলায় চড়ে মেতে উঠেছিল আনন্দের খেলায়। কিন্তু সেই আনন্দই যে কাল হবে, তা কে জানত! শেরপুরের শ্রীবরদীতে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় ডুবে প্রাণ হারিয়েছে দুই অবুঝ শিশু। এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। ১ জুন (সোমবার) দুপুরে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশুরা হলো— পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)। তারা সম্পর্কে প্রতিবেশী। স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে তৈরি হওয়া একটি গভীর ডোবায় কলাগাছের ভেলা বানিয়ে খেলা করছিল হানজালা ও সিদ্দিক। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত ভেলা থেকে পা পিছলে গভীর পানিতে তলিয়ে যায় তারা। বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্দেহ হলে তারা ওই ডোবার পানিতে সন্ধান চালান এবং সেখান থেকেই দুই শিশুর অচেতন দেহ উদ্ধার করেন। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে; পানি থেকে তোলার আগেই নিভে যায় নিষ্পাপ দুটি প্রাণ।ঘটনার সত্যতা নিশ্চিত করে গোসাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল আশিক গভীর শোক প্রকাশ করে বলেন, "কলাগাছের ভেলায় উঠে ডোবার পানিতে খেলা করার এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দুটি শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই মর্মান্তিক ঘটনার বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্ষার শুরুতে বাড়ির আশেপাশের ডোবা, নালা বা জলাশয়ের বিষয়ে অবুঝ শিশুদের প্রতি আরও বেশি সতর্ক নজর রাখার জন্য স্থানীয় সচেতন মহল অনুরোধ জানিয়েছেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন