শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় প্রার্থীদের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং পরবর্তীতে সন্ধ্যায় পুনরায় সংঘর্ষে জামায়াতে ইসলামী শ্রীবরদী থানার আমীর মোহাম্মদ রেজাউল করিম নিহত হওয়ার ঘটনায় প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ঘটনার প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আশরাফুল আলম রাসেল (পরিচিতি নম্বর–১৮১১৬)-কে তার পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলিপূর্বক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ অপরাহ্ণে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন; অন্যথায় তাকে একই সময়ে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (Stand Released) বলে গণ্য করা হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ঘটনার দায়িত্ব নিরূপণ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার স্বার্থে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর নাজমুল হাসান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম রাসেল-কে তাদের নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় সংসদীয় প্রার্থীদের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং সন্ধ্যায় পুনরায় সংঘর্ষে গুরুতর আহত হয়ে মোহাম্মদ রেজাউল করিম মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনা ও শোকের আবহ সৃষ্টি হয়।
ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজন অনুযায়ী আরও ব্যবস্থা নেওয়া হতে পারে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন