শ্রীবরদীতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের ইশতেহার ঘোষণা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাঁদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে শ্রীবরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ইশতেহার ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনীষা আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রার্থীরা নিজ নিজ রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল তার ইশতেহারে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের মালিকানা ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য।
জামায়াতে ইসলামীর প্রার্থী নুরুজ্জামান বাদল তার ইশতেহারে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচারভিত্তিক সমাজ এবং ইসলামী মূল্যবোধের আলোকে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি তুলে ধরেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, তাদের ইশতেহারের মূল লক্ষ্য ইনসাফভিত্তিক সমাজব্যবস্থা গড়ে তোলা। তিনি সুদমুক্ত অর্থনীতি, নৈতিক রাজনীতি এবং ইসলামি শাসনব্যবস্থার মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত করার কথা উল্লেখ করেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রার্থী মিজানুর রহমান তার ইশতেহারে শ্রমজীবী মানুষের অধিকার, ভূমিহীনদের পুনর্বাসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন সমাজ গঠনের ওপর জোর দেন।
স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা স্থানীয় উন্নয়ন, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাস্তবভিত্তিক পরিকল্পনা এবং দলীয় প্রভাবমুক্ত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ইশতেহার ঘোষণার এই অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং দলমত নির্বিশেষে সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং ভোটারদের মধ্যে নির্বাচনী আগ্রহ চোখে পড়ার মতো ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)