শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাটি খননের সময় তেল সদৃশ এক ধরনের তরল পদার্থ বের হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের পশ্চিম ঢনঢনিয়া ব্রিজের নিচে শাহিদা আক্তার নামে এক নারী মাটি খুঁড়তে গিয়ে প্রথমে ওই তরল পদার্থ দেখতে পান। বিষয়টি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই মাটি খুঁড়ে বের হওয়া তরল সংগ্রহ করে বোতল ও পাত্রে ভরে নিয়ে যান, আবার কেউ কেউ আগুন জ্বালিয়ে পদার্থটি জ্বলে কি না তা পরীক্ষা করার চেষ্টা করেন।
খবর পেয়ে শ্রীবরদী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এটি সত্যিই খনিজ তেল কি না কিংবা মাটির নিচে কোনো তেলের উৎস রয়েছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা শিক্ষক মেহেদী হাসান মন্ডল জানান, লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বিষয়টি দেখেছেন। তার ভাষায়, “মাটির এত উপরে এ ধরনের তেল সদৃশ পদার্থ পাওয়া অস্বাভাবিক। বিষয়টি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা জরুরি।”
ছুটির দিন হওয়ায় এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয়রা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নমুনা পরীক্ষা করে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন