জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত ও পরে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে নতুন করে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির মনোনীত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। মনোনয়ন দাখিলের শেষ দিন ২ মার্চ তিনি জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়ন দাখিলকালে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া, সাবেক সেক্রেটারি মালানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, কর্মপরিষদ সদস্য আনোয়ার হোসেন এবং জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়াসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করলে নির্বাচন কমিশন প্রথমে ভোটগ্রহণ স্থগিত এবং পরে নির্বাচন বাতিল ঘোষণা করে। পরবর্তীতে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নতুন তফসিল ঘোষণা করা হয়। সেই প্রেক্ষাপটে নুরুজ্জামান বাদলের সহোদর ছোটভাই মাসুদুর রহমান মাসুদকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। তিনি জেলা জামায়াতের ব্যবসায়িক শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, এ আসনে পূর্বে বৈধ ঘোষিত চার প্রার্থীকে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হচ্ছে না। তারা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মো. মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মো. আমিনুল ইসলাম বাদশা। তবে স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা ইতোমধ্যে বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, বর্তমানে এ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী রয়েছেন। আগামী ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৪ মার্চ এবং ১৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
তিনি আরও জানান, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা নির্বাচন অফিস ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন