শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীকে ঘিরে টাকা বিতরণের অভিযোগ: আটক ২, বাড়ছে উদ্বেগ

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদীয় আসনের স্থগিত নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী-এর বিরুদ্ধে ভোটারদের মাঝে টাকা বিতরণের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে স্থানীয়রা। বিষয়টি ঘিরে নির্বাচনী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন অন্যান্য সংসদীয় প্রার্থীরা।
গত ২১ মার্চ সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ঘাগড়া দরগার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, জামায়াতে ইসলামী সমর্থিত কর্মীরা ভোটারদের মাঝে মাথাপিছু ৩০০ টাকা করে বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা আব্দুর রাজ্জাক ও মোরাদ মিয়াকে হাতেনাতে আটক করেন।
অভিযুক্তরা দাবি করেন, তারা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রাপ্ত ফেতরার অর্থ বিতরণ করছিলেন। তবে স্থানীয়দের অভিযোগ, আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতেই এ অর্থ বিতরণ করা হচ্ছিল, যা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।
পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রাণী ভৌমিক ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে জানান, অভিযোগটি গুরুতর এবং এটি ভ্রাম্যমাণ আদালতের এখতিয়ারের বাইরে হওয়ায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করতে হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, অভিযোগ প্রমাণিত হলে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীর প্রার্থীতাও বাতিল হতে পারে। পরবর্তীতে আটক দুইজনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদেরকে স্থানীয় জামায়াত নেতার জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে উপজেলার বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ৯ এপ্রিল শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণের অভিযোগ উঠছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, অন্যান্য সংসদীয় প্রার্থীরা অভিযোগ করেছেন, এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে এবং ভোটারদের প্রভাবিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তারা বলেন, “যদি এভাবে টাকা বিতরণ চলতে থাকে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।” দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
অন্যদিকে, ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, “আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। প্রমাণ সংগ্রহ করে দ্রুত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
সংশ্লিষ্ট মহল মনে করছে, নির্বাচন কমিশনের কঠোর নজরদারি ও প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া এ ধরনের অনিয়ম বন্ধ করা কঠিন হয়ে পড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)