শেরপুর জিকে পাইলট স্কুলের পুকুর লিজ বাতিলের দাবিতে শিশুদের মানববন্ধন / সাঁতার প্রশিক্ষণ অব্যাহত রাখতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলা শহরের মাধবপুরে অবস্থিত ঐতিহ্যবাহী জিকে পাইলট উচ্চ বিদ্যালয়-এর পুকুর লিজমুক্ত করে শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণের জন্য উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে “সচেতন শেরপুরবাসী”-এর ব্যানারে এ কর্মসূচিতে শহরের বিভিন্ন স্তরের সাঁতারু, অভিভাবক ও সাঁতার শেখার আগ্রহী শিশুরা অংশ নেয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। একই দাবিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছেও পৃথক আবেদন জমা দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০২২ সাল থেকে শেরপুর সুইমিং একাডেমী উক্ত পুকুরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৪০০-এর বেশি প্রি-প্রাইমারি শিক্ষার্থীকে সাঁতার শেখানো হয়েছে। একাডেমির তত্ত্বাবধানে শিক্ষার্থীরা জেলা ক্রীড়া সংস্থার সুইমিং ফেডারেশনে অংশগ্রহণের সুযোগ পেয়েছে এবং জেলা ক্রীড়া অফিসের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচিতে সক্রিয় সহযোগিতা প্রদান করা হয়েছে।
এছাড়া একাডেমির প্রশিক্ষণপ্রাপ্ত ৫ জন শিক্ষার্থী বাংলাদেশ সেনাবাহিনী-এর বিএমএ কোর্সে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে এবং ১৭ জন সৈনিক হিসেবে যোগদানের যোগ্যতা অর্জন করেছেন। ক্রীড়াক্ষেত্রেও এসেছে সাফল্য—২ জন শিক্ষার্থী বিকেএসপি-তে সুযোগ পেয়েছে এবং ১ জন ‘তোমাকে খুঁজছে বাংলাদেশ’ ট্যালেন্ট হান্টে অংশ নিয়ে জেলাকে গর্বিত করেছে।
বর্তমানে বিদ্যালয় সংশ্লিষ্ট পুকুরটি ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে বলে জানা গেছে। আয়োজকদের আশঙ্কা, মাছ চাষের জন্য পুকুরটি ইজারা দেওয়া হলে সাঁতার প্রশিক্ষণের পরিবেশ ও গুণগত মান ক্ষতিগ্রস্ত হবে। তারা শিশুদের নিরাপত্তা ও ক্রীড়া বিকাশের স্বার্থে পুকুরটি লিজমুক্ত রাখার দাবি জানান।
মানববন্ধনে একত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও শেরপুর জেলা বিএনপির সদ্য স্থগিতকৃত কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ , শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিশিষ্ট ক্রীড়াবিদ মাজহারুল ইসলাম রাখি ,প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক সুলতান আহমেদ ময়না, সাঁতার প্রশিক্ষক সারোয়ার জাহান পপলিন, ফুটবল কোচ শেখ হিমন ও রাজন, বিশিষ্ট ক্রীড়া খেলোয়াড় , সিপন , অ্যাথলেটিক্স কোচ আলমগীর হোসেন; সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জাকির হোসেন বাচ্চু; বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. শওকত হোসেন, সুমাইতাত জাহান স্মিতা এবং মহিলা ফুটবল রেফারি ভাবনা প্রমুখ।
বক্তারা বলেন, একটি জেলার ক্রীড়া সম্ভাবনা বিকাশে সাঁতার একটি মৌলিক ও জীবনরক্ষাকারী দক্ষতা। তাই শিশুদের সাঁতার শেখার সুযোগ অক্ষুণ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)