শেরপুরের শ্রীবরদী সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও গাড়ির সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রোববার (৮ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুলের নেতৃত্বে একটি অভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গুরু চরণ দুধনই এলাকায় পানবর-ধানশাইল সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি হলুদ রঙের পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে ভ্যানের ভেতর থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের অভিযোগে আকাশ (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আকাশ শ্রীবরদী উপজেলার তাতিহাটি এলাকার সাদা মিয়ার ছেলে বলে জানা গেছে।
কর্ণঝোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ৮টি ব্র্যান্ডের মোট ৫৪৫ বোতল মদ রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও পিকআপ ভ্যানের আনুমানিক সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে আটক আকাশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন