সেতু ভেঙে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্ত কমিটি গঠন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
নিজস্ব প্রতিবেদক ।।
জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত একটি ভাসমান সেতু ধসে পড়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 
রোববার (২২ মার্চ) দুপরে নিজ নিজ এলাকায় জানাজা শেষে নিহতদের দাফন সম্পন্ন হয়। এ ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এখনও শোকের আবহ বিরাজ করছে। 
এ ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে স্থাপিত ভাসমান সেতুটিতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। একপর্যায়ে সেতুটি সেই চাপ সহ্য করতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে। এতে বেশ কয়েকজন নদীতে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও কয়েকজন শিশু নিখোঁজ হয়ে যায়।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে স্থানীয়দের সহায়তায় একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি ও ১২ বছর বয়সী মিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন।
জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলী বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও ভূমি অফিসের সমন্বয়ে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)