মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিত প্রতিরোধ জরুরি: শেরপুর-৩ এ বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় আয়োজিত পৃথক মতবিনিময় সভায় মাদকবিরোধী দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেল বলেছেন, “মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধের কোনো বিকল্প নেই।”
ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এসব সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যৎ প্রজন্ম চরম বিপদের মুখে পড়বে। তিনি সতর্ক করে বলেন, “আজকের উদাসীনতা আগামী দিনের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।”
রুবেল তার বক্তব্যে আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং একটি পরিবার এবং পুরো সমাজব্যবস্থাকে বিপর্যস্ত করে তোলে। একশ্রেণির অসাধু চক্র নিজেদের স্বার্থে যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে বাড়ছে পারিবারিক অশান্তি ও সামাজিক অস্থিরতা।
তিনি জোর দিয়ে বলেন, মাদক নির্মূলে কেবল প্রশাসনের ওপর নির্ভর করলে চলবে না; পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। অভিভাবকদের সন্তানের চলাফেরা ও বন্ধুমহল সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সভাগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে শ্রীবরদী উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন দুলাল এবং ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফাসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা রুবেলের মাদকবিরোধী অবস্থানের প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন সময়ে সবসময় আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে। তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাহমুদুল হক রুবেল তৃণমূল নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে জনমত গড়ে তোলার নির্দেশ দেন। একইসঙ্গে তিনি আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে জনসেবার সুযোগ দেওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)