জামালপুরে ছেলের বিরুদ্ধে গরু চুরির অপবাদ এবং সালিশে স্বামী-স্ত্রীর ওপর নির্যাতনের জেরে জোসনা বানু (৪৫) নামে এক নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন— সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকার আজিজুর রহমানের ছেলে গোলাম কিবরিয়া মুক্তা এবং স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর ছেলে মো. হৃদয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে সদর থানা পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে কেন্দুয়া ইউনিয়নের খলিলহাটা এলাকায় গরু চুরির চেষ্টা হয়। এ ঘটনায় চোর সন্দেহে প্রতিবেশী সুরুজ্জামানের ছেলে সুজন মিয়াকে ধরতে যায় স্থানীয় ইউপি সদস্য নায়েব আলীর নেতৃত্বে কয়েকজন। তবে সুজনকে না পেয়ে তার বাবা সুরুজ্জামান ও মা জোসনা বানুকে ধরে নিয়ে যাওয়া হয় নায়েব আলীর বাড়িতে।
পরদিন সকালে এ ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠক বসে। সালিশে তোতা মিয়া ও সোহেল রানাকে চোর সন্দেহে ধরে মারধর করা হয়। একইসঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
পুলিশ জানায়, এমন অপমান ও নির্যাতন সইতে না পেরে জোসনা বানু বাড়ি ফিরে আত্মহত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে সজীব বাদী হয়ে জামালপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
ওসি আরও জানান, এ অমানবিক ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন