জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, পান্তা-ভর্তা পরিবেশন, চিত্রাঙ্কন,রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল ১০টায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন জানান, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম প্রধান উৎসব। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে সংস্কৃতির চর্চা ও ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় থাকে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মন্জু, বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।



সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন