শেরপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল ২০২৬) জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক, শেরপুরের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ভোজ্যতেল ও খাদ্যসামগ্রী বিক্রয়কারী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নজরদারি করা হয়।
তদারকি চলাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রয়সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রয় না করা, মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও নিয়মিত হালনাগাদ করা, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ও ৫১ ধারার লঙ্ঘনের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে শেরপুর জেলা প্রশাসনের সহায়তায় সদর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর এবং পুলিশ লাইন্স শেরপুরের সদস্যরা অংশগ্রহণ করেন।
তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন