দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি এলাকায় যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা মাছ ধরার সময় ১৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রায় ১ কেজি জাটকা মাছ জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে আটক করা হলেও তারা হতদরিদ্র ও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল)দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহুরুল হোসেন।
অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম এবং বাহাদুরাবাদ নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বাহাদুরাবাদ নৌ থানা পুলিশের তথ্যের ভিত্তিতে খোলাবাড়ি ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা মাছ ধরার সময় এক জেলে ও তার ছেলেকে আটক করা হয়। তবে তারা হতদরিদ্র এবং একজন কিশোর হওয়ায় তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।অভিযান চলাকালে জব্দকৃত ১৫০০ মিটার কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়াও জব্দ হওয়া জাটকা মাছ স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ জহুরুল হোসেন জানান, অভিযুক্তরা হতদরিদ্র ও একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পড়ালেখা করানোর শর্তে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ইলিশ মাছ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন