শেরপুরে সেই ট্রাঙ্কের নারীর লাশ এর পরিচয় শনাক্ত, পিকআপসহ চালক আটক—খুনের রহস্য উদ্ঘাটনে অগ্রগতি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরের শ্রীবরদীতে ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের রহস্য ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে মরদেহ বহনকারী একটি পিকআপ ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে।
নিহত নারীর নাম ডলি আক্তার (৩৬)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এবং মো. আলাল মিয়ার কন্যা বলে নিশ্চিত করেছে পিবিআই।
পিবিআই সূত্রে জানা যায়, ১ এপ্রিল সকালে শ্রীবরদী উপজেলার নয়াপাড়া ঢালিবাড়ী তিন রাস্তার মোড়ে একটি পরিত্যক্ত ট্রাঙ্ক দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ট্রাঙ্ক খুলে তোশকে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পর লাশের পরিচয় শনাক্তে শ্রীবরদী থানা পুলিশ পিবিআই জামালপুর কার্যালয়ের সহায়তা নেয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ২ এপ্রিল নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. শফিকুল ইসলাম শফিক মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।
তদন্তের অংশ হিসেবে পিবিআইয়ের একটি চৌকস দল ৩ এপ্রিল সকালে শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রাম থেকে মরদেহ বহনকারী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-২৮০৮) জব্দ করে। এ সময় পিকআপের চালক আশরাফ আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভাড়ার বিনিময়ে তিনি ট্রাঙ্কসহ এক ব্যক্তিকে গাড়িতে তুলেছিলেন এবং শ্রীবরদীর নয়াপাড়া এলাকায় ট্রাঙ্কটি নামিয়ে দেওয়া হয়।
পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি ও ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে শেরপুর-জামালপুর অঞ্চলের দায়িত্বে থাকা পিবিআইয়ের পুলিশ সুপার পঙ্কজ দত্ত (পিপিএম) বলেন, ঘটনার দিন সকালে ঢাকা থেকে দুই নারী পিকআপ ভ্যানে গাজীপুরের মাওনা পর্যন্ত যান। সেখানে ভাড়া পরিশোধ করে নেমে গেলে এক অজ্ঞাত ব্যক্তি ট্রাঙ্কসহ গাড়িতে ওঠেন। পরবর্তীতে শ্রীবরদীর নয়াপাড়া এলাকায় ট্রাঙ্কটি ফেলে তিনি পালিয়ে যান।
তিনি আরও জানান, চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই রহস্যময় ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব দ্রুতই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে আশা করছে পিবিআই।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)