শেরপুর পৌরসভার উদ্যোগে খাল পুনঃখননের উদ্বোধন, পানিপ্রবাহ স্বাভাবিক করার উদ্যোগ জোরদার

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
বর্তমান সরকারের অগ্রাধিকারভিত্তিক খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে শেরপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে শহরের চাপাতলী এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে খালগুলোর নাব্যতা কমে যাওয়ায় জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের মাধ্যমে এসব সমস্যার সমাধান করে শহরের পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং নাগরিক ভোগান্তি লাঘব করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
পৌর কর্তৃপক্ষ আরও জানায়, পর্যায়ক্রমে পৌরসভার আওতাধীন সকল খাল পুনঃখনন করা হবে, যাতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমে আসে এবং পরিবেশের ভারসাম্য বজায় থাকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা হাছান মাহমুদ শেলীম আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের, সমাজ উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ শরিফ উদ্দিনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আমলে তার নির্দেশনায় খনন করা হয়েছিল। সে সময় তিনি নিজে শেরপুরে উপস্থিত থেকে খাল খনন কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার এ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)