শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা শিশুসহ আটক ৩

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে এক পাচারকারী ও শিশুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত শনিবার দুপুরে উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের বুরইকুচি গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন শ্রীবরদী উপজেলার বুরইকুচি গ্রামের মোজাম্মেল মিয়ার ছেলে রিপন মিয়া ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার উত্তর চৈগরী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ এলাকার কামরুলের শিশুকন্যা লামিয়া।
স্থানীয় সূত্রে জানা যায় প্রায় তিন দিন আগে ৯ বছরের শিশু লামিয়াকে নিয়ে বুরইকুচি বাজারে আসেন আব্দুর রাজ্জাক। সেখানে তারা স্থানীয় রিপন মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। অপরিচিত ব্যক্তিদের গতিবিধি দেখে গ্রামবাসীর মনে সন্দেহের সৃষ্টি হয়। বিষয়টি কর্ণঝোড়া বিজিবি ক্যাম্পে জানানো হলে শনিবার দুপুরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিলেন।
আটক আব্দুর রাজ্জাক জানান তিনি দীর্ঘ দিন ধরে ভারতের বেঙ্গালুরুতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করে আসছেন। শিশু লামিয়ার বাবা মা বর্তমানে ভারতে বসবাস করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশে এলে লামিয়ার বাবা মা তাদের সন্তানকে ভারতে পৌঁছে দেওয়ার জন্য রাজ্জাককে অনুরোধ করেন। সেই অনুরোধ রাখতেই তিনি শিশুটিকে নিয়ে সীমান্ত পাড়ি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। তৃতীয় শ্রেণির ছাত্রী শিশু লামিয়াও বিজিবিকে জানায় বাবা মায়ের কাছে যাওয়ার জন্যই সে রাজ্জাকের সঙ্গে বাড়ি থেকে এসেছে।
এ ঘটনায় শনিবার গভীর রাতে কর্ণঝোড়া বিওপির নায়েক সুবেদার মো সাইদুর রহমান বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ নুরুল আলম জানান বিজিবির পক্ষ থেকে মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে তাদের শেরপুর আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় মানব পাচারকারী চক্রের তৎপরতা বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে তিনি জানান। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)