শেরপুরে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু, লক্ষ্য ১.৬১ লাখ শিশু

মোঃ সাইদুর রহমান সাদী
0

সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি।। 
শেরপুর জেলায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ব্যাপক পরিসরের হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬। চলবে ১০ মে পর্যন্ত। এ সময় জেলার পাঁচটি উপজেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।
তিনি জানান, বর্তমানে জেলায় ৮২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। এদিকে জেলা সদর হাসপাতালে ২৫ জন সন্দেহভাজন রোগী ভর্তি রয়েছেন।
সিভিল সার্জন আরও বলেন, নির্ধারিত ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এমআর টিকা প্রদান করা হবে। পূর্বে টিকা নেওয়া থাকলেও এই বয়সসীমার সকল শিশুকে পুনরায় একটি ডোজ দেওয়া হবে। জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে সাধারণ শিশু ১ লাখ ৪২ হাজার ৮১১ জন এবং স্কুলগামী ১৮ হাজার ৬২১ জন রয়েছে।
সংবাদ সম্মেলনে হাম-রুবেলা বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসান হাবীব হিমেল।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই ক্যাম্পেইনের মাধ্যমে জেলায় হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর অগ্রগতি অর্জন সম্ভব হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)