আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলের সমর্থনে ঝিনাইগাতীতে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিকালে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক রুবেল বলেন, নির্বাচনের আগে বিভিন্ন দল নানা প্রতিশ্রুতি দিলেও পরে তার বাস্তবায়ন দেখা যায় না। তিনি অভিযোগ করেন, ভোট প্রভাবিত করতে অর্থের ব্যবহার হতে পারে—এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, “কেউ যেন টাকা দিয়ে ভোট কিনতে না পারে, সেজন্য নির্বাচনের আগের দিনগুলোতে পাড়া-মহল্লায় সতর্ক থাকতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে।”
রুবেল নির্বাচিত হলে ছয় মাসের মধ্যে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানকে এলাকায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ ও মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে কাজ করার অঙ্গীকার করেন।
জনসভায় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীসহ সাধারণ ভোটাররা অংশ নেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গত ১২ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়। নতুন তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল (ধানের শীষ), জামায়াতের মাসুদুর রহমান (দাঁড়িপাল্লা) এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমান (কাঁচি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন