শেরপুরে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন, লক্ষাধিক শিশু পাবে সুরক্ষা

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
সুলতান আহমেদ ময়না, শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে শহরের সজবরখিল এলাকার সুরেন্দ্র মোহন মডেল স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা।
জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীনের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এবারের ক্যাম্পেইনে শেরপুর জেলার পাঁচটি উপজেলায় মোট ১ লাখ ৬১ হাজার ৪৩২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে। এর মধ্যে সাধারণ পর্যায়ে ১ লাখ ৪২ হাজার ৮১১ জন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৮ হাজার ৬২১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে।
আগামী ১০ মে পর্যন্ত চলমান এ কর্মসূচির আওতায় জেলার ৭৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ৩৩৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই টিকা প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে হাম ও রুবেলা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে এবং শিশুমৃত্যু ও জটিলতা অনেকাংশে কমে আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)