শেরপুর-৩ আসনে রুবেলের জয়ে উৎসবের আমেজ, ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবনির্বাচিত এমপি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
চতুর্থবার বিজয়ে ভালোবাসায় ভাসছেন বিএনপি নেতা মাহমুদুল হক রুবেল
সুলতান আহমেদ ময়না | শেরপুর জেলা প্রতিনিধি ।।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের স্থগিত জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আবারও আলোচনায় এসেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে প্রায় দেড় লক্ষাধিক ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
রুবেলের এ বিজয়ে পুরো শেরপুর-৩ আসনজুড়ে নেমে এসেছে উৎসবের আমেজ। শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত সর্বত্র আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন নেতা-কর্মী ও সাধারণ মানুষ। ফলাফল ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে মিছিল, শোভাযাত্রা এবং মিষ্টি বিতরণের মাধ্যমে বিজয় উদযাপন করা হয়। দীর্ঘদিন পর নিজেদের পছন্দের প্রার্থীকে বিপুল ব্যবধানে বিজয়ী করতে পেরে ভোটারদের মাঝেও দেখা গেছে তৃপ্তির হাসি।
বিজয়ের পর থেকেই থেমে নেই নবনির্বাচিত এমপি রুবেলের জনসংযোগ কার্যক্রম। তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। যেখানেই যাচ্ছেন, সেখানেই ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হচ্ছেন তিনি।
১১ এপ্রিল রাতে ঝিনাইগাতী বাজারে উপজেলা বিএনপির আয়োজনে এক শুভেচ্ছা বিনিময় সভায় অংশ নেন রুবেল। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় তিনি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজয়ের জন্য সবাইকে ধন্যবাদ জানান।
এদিকে ১০ এপ্রিল রাতে শ্রীবরদী উপজেলা বিএনপির কার্যালয়ের পাশে আরেকটি শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রহিম দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত এমপি রুবেল।
সভায় তিনি বলেন, “এই বিজয় আমার একার নয়, এটি শেরপুর-৩ আসনের সর্বস্তরের মানুষের বিজয়। জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।” তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু রায়হান রুপম, শ্রীবরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, রুবেলের নেতৃত্বে শেরপুর-৩ আসনে উন্নয়ন ও গণমানুষের প্রত্যাশা পূরণে নতুন দিগন্তের সূচনা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)