বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) শেরপুর জেলা শাখার উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন খতম, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ.কে.এম এনামুল হক বিপু’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে জাসাস, বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের দূরদর্শী স্থপতি। সংকটে ও সংগ্রামে তাঁর আদর্শ আজও আমাদের পথ দেখায়। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে জাসাস শেরপুর জেলা শাখার আহ্বায়ক এ.কে.এম এনামুল হক বিপু বলেন, শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জাসাস সাংস্কৃতিক অঙ্গনে স্বৈরাচার বিরোধী লড়াইয়ে সব সময় মাঠে ছিল এবং থাকবে। জাসাসের তৃণমূল নেতাকর্মীদের হাত ধরেই জাতীয়তাবাদী শক্তি আরও বেগবান হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাসাস জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ হারুন অর রশিদ। তিনি বলেন, দলের এই ক্রান্তিলগ্নে জাসাসের প্রতিটি কর্মীকে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে সুসংগঠিত হয়ে রাজপথে ভূমিকা রাখতে হবে।
দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস শেরপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, সদস্য মো. এনামুল হক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আকরামুজ্জামান রাহাত, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাহারুল ইসলাম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ পারভেজ আহমেদ। এছাড়াও জাসাস ও বিএনপির জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।
মিলাদ মাহফিল শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। তাঁদেরকে যেন মহান আল্লাহ বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই প্রার্থনা করা হয়। একই সাথে দেশ ও জাতির সমৃদ্ধি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন