শেরপুরের শ্রীবরদীতে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা। শনিবার (২ মে) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে আয়শা আইন উদ্দিন মহিলা কলেজ মাঠে এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদুল হক রুবেল তরুণ ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি টুর্নামেন্টের সার্বিক আয়োজনের প্রশংসা করেন এবং মাঠজুড়ে উপস্থিত দর্শকদের উৎসাহ দেখে সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিজয়ী, রানার্স আপ ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, শ্রীবরদী পৌর বিএনপির সদস্য সচিব এস এম সোহান এবং শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুল লতিফ।
টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াই শেষে বালক বিভাগে চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ঝগড়াচর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
অনুষ্ঠানটি সফল করতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনজুরুল হক জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল হক চৌধুরী অকুল, বিএনপি নেতা আবু রায়হান ও আল বেরুনী, শ্রীবরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, সাংবাদিক মনজুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গণমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় গণমাধ্যম কর্মী এবং হাজারো ক্রীড়ামোদী ফুটবল দর্শক।
দিনব্যাপী এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন