শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুন (রবিবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন।
সভায় জেলার সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং সরকারি দপ্তরসমূহের কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সাথে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা, জনস্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত উল্লেখযোগ্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে নন্দীর বাজার, ভীমগঞ্জ বাজার, ঝগড়ার চর বাজার, নন্নী বাজার এবং গাজীর খামারে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা প্রেরণের সিদ্ধান্ত নেওয়া হয়। ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, সপ্তাহে অন্তত একদিন বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পরিবেশ শতভাগ পরিচ্ছন্ন নিশ্চিতকরণের তাগিদ দেওয়া হয়। বাল্যবিবাহ নিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার ও জাটকা নিধন প্রতিরোধে কঠোর মনিটরিংয়ের সিদ্ধান্ত হয়।খাদ্য বিভাগের কার্যক্রম আরও জোরদারকরণ এবং জেলা অফিসার্স কোয়ার্টার নির্মাণের জন্য দ্রুত উপযুক্ত জমি নির্ধারণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া জেলার ব্র্যান্ডিং পণ্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায় এবং উপপরিচালক (স্থানীয় সরকার) মিজ্ আরিফা সিদ্দিকা উপস্থিত ছিলেন। এছাড়াও শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ছাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ শাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় জেলা নিবন্ধক, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও প্রতিনিধিবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং কমিটির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন