জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া প্রায় তিন শতাধিক পরিবারের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল।
রবিবার (২৬ জুলাই) দুপুরে তিনি সরেজমিনে এলাকায় গিয়ে পানিবন্দী পরিবারগুলোর সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র পরিদর্শন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় নিজ উদ্যোগ ও ব্যক্তিগত অর্থায়নে মাটি কেটে অস্থায়ী ড্রেন নির্মাণের মাধ্যমে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ সময় সাইফুল ইসলাম তালুকদার শাকিল বলেন, “পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে রয়েছেন। সাময়িকভাবে তাদের ভোগান্তি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকা থেকে পানি সম্পূর্ণ নিষ্কাশন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, পৌর মৎস্যজীবী দলের সভাপতি সুরুজ্জামান বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহীন আল মামুন, যুগ্ম আহ্বায়ক সিয়াম সিদ্দিকী, সরকারি কিয়ামত উল্লাহ কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আঁখিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়ামসহ পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
তাৎক্ষণিকভাবে ড্রেন খনন করে পানি নিষ্কাশনের এ উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন ৫ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দারা।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন