জামালপুরের বকশীগঞ্জে ওষুধ ভেবে ভুলবশত কীটনাশক পান করে শাহ আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলী ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শাহ আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং তাঁর চোখেও কম দেখতেন। নিয়মিত সেবনের জন্য তাঁর ঘরে বিভিন্ন ধরনের ওষুধ রাখা ছিল। ঘটনার সময় তিনি ঘরে থাকা ওষুধের বোতল ভেবে ভুলবশত কীটনাশকের বোতল থেকে পান করেন। এ সময় বাড়িতে অন্য কেউ উপস্থিত ছিলেন না।
কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাড়িতে এসে শাহ আলীকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।নিহতের ভাতিজা উজ্জ্বল মিয়া জানান, পরিবারের কারো সঙ্গে তাঁর কোনো বিরোধ ছিল না। বৃদ্ধ বয়স ও চোখে কম দেখার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন