জামালপুরের বকশীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় সাড়ে ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়া নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, পৌর এলাকার মধ্যবাজার শহীদ মিয়ার একটি দোকানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা। এ সময় অবৈধ জাল সংরক্ষণের দায়ে শহীদ মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
এছাড়া উপজেলার দশানী নদী, নীলক্ষিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭১টি চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত রিং জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা বলেন, “নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না রিং জাল ব্যবহারের ফলে মাছের প্রজনন ব্যাহত হয় এবং জলজ জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হয়। তাই মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন