ভেঙ্গে যাচ্ছে নান্দিনা ফেরিঘাট-গজারিয়া পাকা সড়ক

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0


ছাইদুর রহমান ।।

দিন যতই গড়াচ্ছে নান্দিনা ফেরিঘাট-গজারিয়া মোড় পাকা সড়ক ততই ভেঙ্গে যাচ্ছে। জরাজীর্ণ এই সড়কে এখন বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি গত পাঁচ বছর আগে সংস্কার করা হয়। প্রতিদিন প্রায় ১০-১২হাজার মানুষ বিভিন্ন যানবাহনে করে নান্দিনা ফেরিঘাটে ব্রহ্মপুত্র নদ পেরিয়ে লক্ষ্মীরচর-দরগাতলা-লক্ষ্মীরচর উত্তরপাড়া-গজারিয়া মোড় ঘুরে মজিবরের মোড়, আনন্দবাজার, প্রতিবেশি শেরপুর সদরের ভীমগঞ্জ বাজারে যাওয়া আসা করেন।

কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের দুইপাশের অসংখ্যস্থানে ভাঙন দেখা দিয়েছে। সড়কের মাঝখানেও ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইতিপূর্বে বন্যায় সড়কপথটি বার বার ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তার সাইটে বড় বড় ভাঙন ও রাস্তা দেবে যাওয়ার কারণে সকল প্রকার যানবাহনগুলোকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

লক্ষ্মীরচর গ্রামের বাসিন্দা ফরিদুজ্জামান জামান বলেন, নান্দিনা ফেরিঘাট থেকে গজারিয়া মোড় পর্যন্ত কমপক্ষে শতাধিক স্থানে রাস্তার দুই পাশে ভেঙ্গে গেছে। বিশেষ করে নান্দিনা ফেরিঘাট সংলগ্ন, দরগাতলা, উত্তরপাড়া ও গজারিয়া মোড় সংলগ্ন প্রায় অর্ধ শতাধিক স্থানে বিরাট খাদের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোর একটি আরেকটিকে সাইট দিয়ে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। 

ওই এলাকার রফিকুল ইসলাম জানান, ২৪ নভেম্বর রোববার গজারিয়া এলাকায় একটি ব্যাটারি চালিত অটো খাদে পড়ে গিয়ে চারজন যাত্রী আহত হয়েছেন। পরে তাদের হাসপাতালে নেয়া হয় বলে জানান তিনি। 

গজারিয়া এলাকার বাসিন্দা লোকমান হোসেন জানান, লক্ষ্মীরচর ইউনিয়নের মধ্যে যতগুলো পাকা সড়ক রয়েছে তার মধ্যে এই রাস্তাটি বেশি ক্ষতিগ্রস্ত ও যান চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকার লোকজন জরুরি ভিত্তিকে রাস্তার ভাঙ্গা অংশ সংস্কারের দাবি জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডির) নিকট।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)