শেরপুরে গরুর হাটে সন্ত্রাসী হামলা : মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির যোগসাজশে রক্তক্ষয়ী পরিস্থিতি

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
শেরপুর প্রতিনিধি ||
শেরপুর সদরে প্রাণকেন্দ্র ব্রহ্মপুত্র ব্রীজপাড় গরুর হাটে শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা অতর্কিত এ হামলা চালালে মুহূর্তেই বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্রেতা-বিক্রেতারা প্রাণ বাঁচাতে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাটে গরুর বেচাকেনা শুরু হতেই মাওলানা শফিকুল ইসলাম মুলু মুন্সির প্রত্যক্ষ নির্দেশে আওয়ামী লীগের একদল নেতা-কর্মী রামদা, বল্লম, ক্রিস ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালায়। এতে কয়েক মিনিটের মধ্যেই পুরো বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
বাজার কমিটির নেতারা জানান, গত বৃহস্পতিবার আব্দুস সামাদের গরুর নিলাম স্থগিত হওয়ার পর শনিবার প্রশাসনের উদ্যোগে পুনরায় বাজারের ইজারা কার্যক্রম শুরু হলে মুলু মুন্সির নেতৃত্বেই সন্ত্রাসীরা এ হামলা চালায়। এসময় তিনি তার বড় ভাই, চরপক্ষীমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলীর পেট্রোল পাম্পে বসে আরও সন্ত্রাসী জড়ো করার চেষ্টা চালান।
সরেজমিন ঘুরে জানা গেছে, আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালীন সময়ে ভাই আকবর আলীর সহযোগিতায় মুলু মুন্সি বিপুল সম্পদের মালিক বনে গেছেন। বাজার-হাটের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এখন তিনি খেলাফতে মজলিশ শেরপুর জেলা শাখার সভাপতির পরিচয় ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তরে প্রভাব খাটানোর অপচেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছে, একাধিক চুরি, জুয়া ও প্রতারণার সহ ফাজিল ও আলিম মাদ্রাসার সার্টিফিকেটে পিতার নাম এফিডেভিট করে ভুয়া সার্টিফিকেট বানিয়ে কাজীগিরির সনদ প্রাপ্ত হন। মামলার আসামি মুলু মুন্সি বর্তমানে নিজেকে ইসলামি নেতা সাজিয়ে সরকারি-বেসরকারি দপ্তরে স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় তিনি দিনের পর দিন অপকর্ম চালালেও রহস্যজনকভাবে পার পেয়ে যাচ্ছে মুলু মুন্সী।
এ হামলার ঘটনায় ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের মনে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, “এভাবে যদি সন্ত্রাসীরা গরুর হাট দখল করে নেয়, তবে বাজারে আসা মানুষের জীবন-সম্পদ নিরাপদ থাকবে না।”
সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে অবিলম্বে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)