শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সীমান্তে প্রাইভেটকারযোগে ভারতীয় মদ পাচারের সময় পুলিশের অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের ব্যবহৃত গাড়ি থেকে আমদানি নিষিদ্ধ প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন— ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কড়ইতলী এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে ফারুক হোসেন (৩০), একই উপজেলার ছাতুঁগাও এলাকার রহুল আমিনের ছেলে সেলিম মিয়া (২০) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার পাথারপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাহিম (৩০)।
পুলিশ জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কের বরুয়াজানি রাধার বাঁধ এলাকায় অবস্থান নেয় তারা। এসময় একটি সাদা প্রাইভেটকার থামানোর সংকেত দিলে গাড়ি থামে। কিন্তু গাড়ি থামার সঙ্গে সঙ্গেই যাত্রীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হলেও আরও একজন পালিয়ে যায়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় ভর্তি ভারতীয় মদের বোতল জব্দ করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।”

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন