শেরপুরে নির্বাচনপূর্ব জাতীয় গণভোটসহ পাঁচ দফা দাবি আদায়ে জামায়াত ইসলামীসহ ৮ দলীয় জোট কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ১৪ নভেম্বর বিকেলে শহর থানার মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘জনগণের প্রকৃত ম্যান্ডেট নিশ্চিত করতে নির্বাচনের আগে গণভোট আয়োজন ছাড়া আর কোনো বিকল্প নেই।’ তারা নির্বাচনী নিরপেক্ষ সরকার গঠন, বিতর্কিত আইন বাতিল এবং সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
কর্মসূচিকে ঘিরে শহরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর আসনে জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা রাশেদুর রহমান রাশেদ। সভাপতিত্ব করেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান। এসময় ৮ দলীয় জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন— “গণভোটের পথ খুলে দিতেই হবে, নইলে চলবে আরও বৃহত্তর আন্দোলন।”


সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন