বকশীগঞ্জে খয়ের উদ্দিন মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি ।।
জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসায় দাখিল পরীক্ষাকেন্দ্র পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে তিনি জানান, বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসায় ২০২০ সালে জেলা ও উপজেলা প্রশাসনের সর্বসম্মতিক্রমে দাখিল ও আলিম পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হয়। দূর-দূরান্তের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতেই কেন্দ্রটি এখানে স্থাপন করা হয়েছিল।
অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ২০২০ সালের পূর্বে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায় অবস্থিত বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসায় দাখিল থেকে কামিল পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হতো। পরে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসায় দাখিল ও আলিম পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বাট্টাজোড় কে.আর.আই কামিল মাদরাসায় শুধুমাত্র ফাজিল ও কামিল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তিনি অভিযোগ করে বলেন, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর শ্বশুর প্রতিষ্ঠিত মাদরাসা হওয়ায় অবৈধ প্রভাব খাটিয়ে আলিম পরীক্ষাকেন্দ্রটি সেখানে বহাল রাখা হয়। সর্বশেষ বাট্টাজোড় কে.আর.আই মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে পাশ কাটিয়ে মাদরাসা বোর্ডে আবেদন করে দাখিল পরীক্ষাও সেখানে নেওয়ার সিদ্ধান্ত আদায় করে নেয়। এ সংক্রান্ত একটি সিদ্ধান্তের কপি হাতে পাওয়ার পর শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে তীব্র হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, প্রস্তাবিত কেন্দ্রটি শহর থেকে প্রায় ৮–১০ কিলোমিটার দূরে অবস্থিত বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও এলাকায়। সেখানে পর্যাপ্ত অবকাঠামো, যাতায়াত ব্যবস্থা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি রয়েছে। এমন দূরবর্তী স্থানে পরীক্ষাকেন্দ্র স্থাপন করা হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের চরম ভোগান্তিতে পড়তে হবে।
একই প্রতিষ্ঠানে দাখিল, আলিম, ফাজিল ও কামিল পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ও শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের পক্ষ থেকে দাখিল পরীক্ষাকেন্দ্রটি পুনরায় মাদরাসায় বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)