বকশীগঞ্জে ইসলামী আন্দোলনের জনসভা: উন্নয়নের ফুলঝুরি নয়, সৎ নেতৃত্ব চাইলেন পীর সাহেব চরমোনাই

দৈনিক সত্যের সন্ধানে প্রতিদিন
0
রাশেদুল ইসলাম রনি:
জামালপুরের বকশীগঞ্জে এক নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা দেশ পরিচালনা করেছেন, তাদের শাসন দেশবাসী প্রত্যক্ষ করেছে। এখন আর নতুন করে উন্নয়নের ফুলঝুরি শোনার প্রয়োজন নেই।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বকশীগঞ্জের নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এসব কথা বলেন।
জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে ভোট প্রার্থনা করে পীর সাহেব চরমোনাই বলেন, তিনি দেশ ও ইসলামের স্বার্থে সৎ, যোগ্য ও আমানতদার প্রার্থী নির্বাচনের জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারগুলোর শাসনামলে প্রকৃত উন্নয়ন কতটা হয়েছে, তা জনগণের অজানা নয়। তাই মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতির রাজনীতি পরিহার করার এখনই সময়।
ভোটকে একটি পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সঠিক জায়গায় ভোট প্রদান করলে সেটি পরকালেও শান্তির উসিলা হতে পারে।নির্বাচনী এই জনসভায় সভাপতিত্ব করেন জামালপুর-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রউফ তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. নুরুল করিম আকরাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— হাফেজ মো. সিদ্দিকুর রহমান (সিনিয়র সহ-সভাপতি, ইসলামী শ্রমিক আন্দোলন), মো. হোসাইন আহমেদ (সহ-সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন), মুফতী মোস্তফা কামাল এবং মাওলানা সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামালপুর জেলা শাখা)।
এছাড়াও বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী জনসভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বকশীগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. শাহজালাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)