শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় মাদক সেবন ও বিক্রির অভিযোগে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— পশ্চিম ঝিনাইগাতী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে শাকিল (৩৮) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, নয়াগাঁও এলাকার খাদেম আলীর ছেলে রাব্বি (২৪) কে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, শাহ আলমের ছেলে জসিম (২৮) কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং শরাফত আলীর ছেলে জহুরুল ইসলাম (৪৫) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন নয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ঘটনাস্থলেই চারজনকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে শাস্তি প্রদান করা হয়। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন জানায়, মাদক নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং এলাকায় মাদক ব্যবসা দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযান চললে এলাকায় অপরাধ কমবে এবং সামাজিক শৃঙ্খলা আরও সুদৃঢ় হবে।

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন