শেরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। এ সময় একটি মদ বহনকারী ট্রাকও জব্দ করা হয়।
শুক্রবার (রাত) শেরপুর জেলার সদর উপজেলার শেরপুর–জামালপুর মহাসড়কের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় র্যাবের চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
শনিবার দুপুরে র্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি ট্রাককে থামানোর সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকের তিন আরোহী পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিরা হলেন— মো. মিনাল মিয়া, মো. রিয়াদ হোসেন ও মো. নুরুল আমিন। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ট্রাকে অবৈধ বিদেশি মদ বহনের কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৩০১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
এদিকে, সঙ্ঘবদ্ধ চোরাকারবারি চক্রের একাধিক সদস্য আটক হওয়ায় জেলাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, এতদিন ধরে এই চক্রের মূল হোতারা সবসময় আড়ালে থেকে ব্যবসা চালিয়ে গেলেও মাঠপর্যায়ে কাজ করা ব্যক্তিরা ধরা পড়ছে। তবে এবার একসঙ্গে কয়েকজন সদস্য আটক হওয়ায় চক্রের গভীরে পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
জনসাধারণের আশা, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রকৃত মূল হোতাদের পরিচয় বেরিয়ে আসবে এবং দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা এই চোরাকারবারি নেটওয়ার্কের নেতৃত্বে থাকা ব্যক্তিরাও এবার আইনের আওতায় আসবে। এতে করে জেলায় মাদক চোরাচালান রোধে কার্যকর অগ্রগতি হবে বলেও তারা প্রত্যাশা করছেন।




সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন