শেরপুরে ঝিনাইগাতীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে ঘটনায় জামায়াত নেতা নিহতসহ উভয় পক্ষের আহত শতাধিক

মোঃ সাইদুর রহমান সাদী
0
শেরপুর প্রতিনিধি।। 
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে জামায়াতে ইসলামীর এক উপজেলা নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে দুইজন সাংবাদিকও আহত হন।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঝিনাইগাতী মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলে চেয়ার বসানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। পরে সন্ধ্যায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল ও জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের কর্মী-সমর্থকদের মধ্যে চেয়ার বসানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে সন্ধ্যার পর একই এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, এতে পরিস্থিতি আরও অবনতি হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, তিনি জামায়াতের এক নেতার মৃত্যুর খবর শুনেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

সরকারি মিডিয়া (ডিএফপি) তালিকাভুক্ত জামালপুরের প্রচারশীর্ষ দৈনিক-সত্যের সন্ধানে প্রতিদিন অনলাইন ভার্সন । আপনার মতামত প্রকাশ করুন

একটি মন্তব্য পোস্ট করুন (0)